রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

জাতীয় ডেস্ক

মে ৯, ২০২৬, ১১:৫০ এএম

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বঙ্গভবন ও রাষ্ট্রপতির প্রেস উইং সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শক্রমে ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। রাষ্ট্রপতির এই সফরে তার সহধর্মিণী রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। মূলত সেই চিকিৎসার পরবর্তী ফলোআপ হিসেবেই এবারের এই যুক্তরাজ্য সফর। চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণ শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির বহনকারী বিমানটি এখন যুক্তরাজ্যের পথে রয়েছে।