মে ১৩, ২০২৬, ১১:৩৪ এএম
একসময় দেশে দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বর্তমানে দেশে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ বিরাজ করছে বলে তিনি দাবি করেন। তাঁর মতে, আগের তুলনায় এখন ধর্মীয় চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে জহির উদ্দিন স্বপন জানান, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল চাপ বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার করে দেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে রাজনৈতিক বিভাজন এড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য বজায় না থাকলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার করা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।উত্তরায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন