মে ১৪, ২০২৬, ০২:৫৭ পিএম
দেশে ভোটারের সংখ্যা ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশন ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। কমিশনের হালনাগাদ তালিকায় নতুন এসব তথ্য উঠে এসেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। পরিসংখ্যানে দেখা গেছে, এই সময়ে ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ।
ইসি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন, যাচাই-বাছাই শেষে কেবল তাদের তথ্যই এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্যই কেবল এই চূড়ান্ত তালিকায় যুক্ত করার সুযোগ ছিল।বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে এই নতুন পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং নতুন নাগরিকদের ভোটার হওয়ার প্রবণতা বিশ্লেষণে এই তথ্য প্রকাশ করেছে কমিশন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত নাগরিকদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হওয়ার পরই এই চূড়ান্ত ডেটাবেজ আপডেট করা হয়েছে। এখন থেকে আসন্ন সকল নির্বাচনে এই নতুন ভোটার তালিকাই কার্যকর হবে বলে জানিয়েছে ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন