শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি করল সরকার

জাতীয় ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৯:০১ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি করল সরকার

প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য মান যাচাই

স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মূলত দেশের বিভিন্ন উপজেলার বিদ্যালয়ে পচা বনরুটি, নষ্ট ডিম এবং ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ আসার পর এই কড়া পদক্ষেপ নেওয়া হলো।

কোনো বিদ্যালয়ে ত্রুটিপূর্ণ বা নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের গত ১৩ মে জারি করা অফিস আদেশের সূত্র ধরে প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সরবরাহ করা সমস্ত খাবারের মান ও সঠিক পরিমাণ পুরোপুরি যাচাই করে তবেই তা গ্রহণ করতে হবে। খাদ্য গ্রহণ ও বিতরণের আগে সরবরাহকারী প্রতিষ্ঠানের দেওয়া খাবার নির্ধারিত মান অনুযায়ী ঠিক আছে কি না তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। 

একই সঙ্গে নির্ধারিত সময়সূচি অনুযায়ী খাবার গ্রহণ, বিতরণ এবং খাদ্যদ্রব্যের ধরন অনুযায়ী সঠিক সংরক্ষণ ব্যবস্থাও নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।বিশেষ করে বনরুটি তাজা ও নরম থাকার পাশাপাশি সেটির প্যাকেট অক্ষত থাকা এবং প্যাকেটে ১২০ গ্রাম নেট ওজন স্পষ্ট উল্লেখ থাকা বাধ্যতামূলক।ডিমের ক্ষেত্রে কোনো ফাটা, দুর্গন্ধযুক্ত বা পিচ্ছিল ডিম গ্রহণ করা যাবে না এবং কলা হতে হবে দাগ ও পোকামুক্ত। 

অতিরিক্ত পাকা বা পচা কলা বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি ইউএইচটি মিল্ক ও ফর্টিফায়েড বিস্কুটের মোড়ক, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং নেট ওজন যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় কোনো গাফিলতি বা শৈথিল্য পাওয়া গেলে প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।