রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২২, ২০২৬, ০৪:৫৪ পিএম

কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করতে এবং এই ধরনের বিচারিক অপব্যবহার থেকে সরে আসতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়।মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই বিষয়ে চীনের অবস্থান স্পষ্ট করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যেকোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের মানসিকতা পরিহার করা। কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ এনেছে মার্কিন প্রশাসন। 

তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার বিরুদ্ধে সম্প্রতি বেশ কিছু গুরুতর আইনি পদক্ষেপের ঘোষণা দেয় ওয়াশিংটন।এদিকে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

দেশটির বর্তমান নেতৃত্বের চরিত্র বিবেচনায় দ্বিপাক্ষিক শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুব বেশি নেই বলেও মন্তব্য করেছেন তিনি। রুবিও অভিযোগ করেন, কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা এবং তাদের সঙ্গে কূটনৈতিক সমাধানের সুযোগ এখন খুবই ক্ষীণ। তবে যেকোনো পরিস্থিতিতে কিউবার পাশে থাকার বার্তা দিয়ে মার্কিন এই পদক্ষেপের বিরুদ্ধে সরব অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছে চীন।