রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৭:৫৭ পিএম

আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় পরিবেশ ও মাটির গুণাগুণ বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় কর্মকর্তাদের তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য একই রকম নয়। তাই এলাকাভেদে মাটির ধরন বুঝে গাছ নির্বাচন করতে হবে। 

এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।গাছ লাগানোর ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা সবচেয়ে জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। ঋতুচক্রের অস্বাভাবিক পরিবর্তনে আগের মতো নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে না। আগে জুন মাস এলেই নিয়মিত বৃষ্টি হতো, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াকেই তিনি প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য দায়ী করেন।

পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি।আগামী পাঁচ বছরে সরকার সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।এই বিশাল কর্মযজ্ঞ কীভাবে সফল করা যায়, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৪ জুন। কক্সবাজারের ডুলহাজরায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই বৃক্ষরোপণ কর্মসূচি। সভায় পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।