জুন ১০, ২০২৬, ০৭:০১ পিএম
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মন্ত্রী বুধবার জানিয়েছেন, হাসপাতালের পক্ষ থেকে পাঠানো জবাবে ঘটনার চেয়ে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা বেশি করা হয়েছে। এই জবাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি।
হাসপাতালের জবাব সন্তোষজনক নয়।আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে করণীয় নির্ধারণে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠক থেকেই হাসপাতালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপের ঘোষণা দেওয়া হবে।
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে হাসপাতালে পরপর ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ফলাফলের ভিত্তিতেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন