বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জাতীয় ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১০:০৬ এএম

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজারের বেশি বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। শনিবার প্রকাশিত সরকারি হজ বুলেটিনে হজের সামগ্রিক কার্যক্রম ও হাজিদের ফেরার এই সর্বশেষ তথ্য নিশ্চিত করা হয়েছে।মোট পরিচালিত ১২৭টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এনেছে ৫৮টি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছিলেন ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন রয়েছেন। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি মারা গেছেন, যাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৮ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার মেডিকেল সেন্টারগুলো থেকে এ পর্যন্ত ৬২ হাজার ৮৩৭ জনকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন ধরনের জরুরি সেবা ও দিকনির্দেশনা পেয়েছেন আরও ২৭ হাজার ৬৬৫ জন হাজি।

গত ১৭ এপ্রিল ৪১৮ জন যাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গিয়েছিল। এরপর ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয় এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। গত ৩০ মে থেকে শুরু হওয়া এই ফিরতি হজ ফ্লাইট আগামী ১ জুলাই পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।