মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই

জাতীয় ডেস্ক

জুন ২২, ২০২৬, ১২:৪৭ পিএম

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারক সই

মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতিবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর পাশাপাশি দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক আরও দুটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়েছে।উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সমঝোতা ও দলিলগুলো হস্তান্তরিত হয়।

সোমবার সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। নিজ নিজ দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি। 

আলোচনা শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক সমঝোতা স্মারকটি সই হয়। এ সময় দুই দেশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে সন্ত্রাসবাদ দমন বিষয়ে পারস্পরিক গবেষণা ও যৌথ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা দলিল বিনিময় করা হয়। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বিনিয়োগ সংক্রান্ত আরেকটি দ্বিপাক্ষিক চুক্তিপত্র বিনিময় করেছে উভয় পক্ষ। 

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে এই দ্বিপাক্ষিক দলিলগুলো বিনিময় করেন। এই পদক্ষেপের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।