জুন ২৪, ২০২৬, ০৪:৪২ পিএম
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া এবং ইউনিসেফের মধ্যে একটি মানবিক সহায়তা চুক্তি সই হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির আওতায় অস্ট্রেলিয়া সরকার ইউনিসেফকে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ১৩৭ কোটি টাকা দেবে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমর্থন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই তহবিল ইউনিসেফের মাধ্যমে রোহিঙ্গা ও স্থানীয়দের শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, স্যানিটেশন এবং নিরাপদ পানির মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। এটি মূলত ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত ৩৭০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা প্যাকেজের একটি অংশ। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া এ পর্যন্ত ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন