বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের শিকার পরিবারগুলোর জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ

জাতীয় ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৬:৫৪ পিএম

গুমের শিকার পরিবারগুলোর জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং এই অমানবিক ঘটনায় জড়িতদের কঠোর বিচার নিশ্চিত করা হবে। আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আশ্বাসের কথা জানান।

চলতি বাজেটেই এই বিশেষ ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হবে।মন্ত্রী বলেন, গুম হওয়া পরিবারগুলোর দীর্ঘদিনের বেদনা দূর করতে এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। গুমের শিকার ব্যক্তিদের সুনির্দিষ্ট ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে চলমান আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং জনগণের সকল সামাজিক ও রাজনৈতিক লড়াই-সংগ্রামে প্রশাসন সবসময় পাশে থাকবে। 

সংলাপে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পষ্ট করে বলেন, এখন আর শুধু কান্নার সময় নয়, এখন স্বজনদের অধিকার আদায় এবং রাষ্ট্রীয় ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সুনির্দিষ্ট সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং আইনি ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও সামাজিক প্রত্যাশার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।