জুলাই ২, ২০২৬, ০৫:৫০ পিএম
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারই আগামী দিনের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার মৌলিক ভিত্তি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষা খাতে ৯৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের একটি বিশাল অনুদান নিশ্চিত হয়েছে বলে অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের দেশপ্রেমিক, যোগ্য ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।শিক্ষার আধুনিকায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. মাহ্দী আমিন জানান, প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে শিক্ষাক্রমের আধুনিকায়নের কাজ চলছে।
মুখস্থ বিদ্যার চাপ কমাতে প্রতিটি শিক্ষার্থীর জন্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয় দুটি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে।শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের কাণ্ডারী যারা তৈরি করেন, সেই শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্বের উন্নয়ন জরুরি।
শিক্ষার বৈষম্য দূর করতে পোশাক ও স্কুল ব্যাগের মানের সমতা আনা এবং মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসরুম প্রসারের পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্ম মেধা ও মননশীলতায় দীপ্ত হয়ে উঠবে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে। উন্নয়ন সহযোগীদের সহায়তায় শিক্ষা খাত আরও অন্তর্ভুক্তিমূলক হবে বলেও তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন