বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

মোঃ আব্দুর রাজ্জাক

জুলাই ৪, ২০২৬, ০৬:৩৩ পিএম

বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি : দিনাজপুর টিভি

ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোথাও যেতে হবে না, সরকারের উদ্যোগে সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে কার্ড পৌঁছে দেবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। শনিবার দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সরকার উপকারভোগীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতায় আসার জন্য নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এই কার্ড প্রদানের লক্ষ্যে প্রথমে জনবল নিয়োগ, প্রশিক্ষিত জনবল তৈরি এবং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এরপর পরিবারের প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগী নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সব সেবার অর্থ এখন সরাসরি উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। মধ্যস্বত্বভোগী না থাকায় উপকারভোগীরা এখন অনেক বেশি স্বস্তিতে আছেন।

প্রতিবন্ধী নাগরিকদের সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী মোট জনসংখ্যার ৬ শতাংশ প্রতিবন্ধী। দেশে প্রায় ৪৫ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী রয়েছেন, যাদের জনসম্পদে পরিণত করতে কাজ চলছে। বর্তমানে দেশে ২ হাজার ৬০০টি প্রতিবন্ধী স্কুল রয়েছে, যার মধ্যে ৮৫টি নিবন্ধিত এবং ৭৫টি এমপিওভুক্ত। তিনি প্রতিটি জেলায় একটি করে স্ট্যান্ডার্ড প্রতিবন্ধী স্কুল এবং উপজেলা পর্যায়ে কমপক্ষে একটি করে প্রতিবন্ধী স্কুল স্থাপনের পরিকল্পনার কথা জানান।

শেষে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনা জরুরি। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।