সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ১২:১২ এএম

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, যেখানে অবহেলা বা দুর্নীতির প্রমাণ মিলবে, সেখানেই চাকরিচ্যুত করা হবে। বদলি বা ট্রান্সফারকে তিনি সমাধান হিসেবে দেখেন না বলেও মন্তব্য করেন। সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুষ বাণিজ্য বা দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নতুন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে সেখানে আরও দক্ষ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। পরিবার পরিকল্পনা সেন্টারগুলোর সেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরেই স্বাস্থ্যখাতে একটি বিপ্লবের সূচনা করতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের বাজেট আদর্শের বাজেট। প্রতিটি কর্মপরিকল্পনা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে যাতে দেশের জনগণ প্রকৃত সেবা পায় এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আরও উঁচুতে অবস্থান নিতে পারে।

অনুষ্ঠানে নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্ব করেন। সভায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।