জুলাই ৬, ২০২৬, ০২:৩০ পিএম
বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক ও বিশিষ্ট চিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলা একাডেমিতে রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার সকালে একাডেমি প্রাঙ্গণে তার মরদেহ আনা হলে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আবুল কাসেম ফজলুল হক ছিলেন অনন্য প্রতিভাবান এক বুদ্ধিজীবী। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চিন্তাধারার এই মানুষটি দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তিনি দীপন হত্যার পরও প্রতিশোধের পথ না বেছে উদারতার যে পরিচয় দিয়েছেন, তা বিরল। মন্ত্রীর আশাবাদ, তার আদর্শ সংরক্ষণে মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত একাডেমিতে আসতেন এবং গবেষণামূলক কাজে সময় ব্যয় করতেন। তার স্মরণে শিগগিরই জাতীয় শোকসভা ও স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। তার গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই হবে প্রকৃত শ্রদ্ধা।
বাংলা একাডেমি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন