বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

জাতীয় ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৭:৩৩ পিএম

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি ও প্রখ্যাত গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তাকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।প্রবল বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন।

সোমবার সকালে বাংলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, লেখক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। একাডেমি থেকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে সেখানেও সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের ঢল নামে। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে কলা অনুষদের ফটকে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অ্যাম্বুল্যান্সে করে মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়। এর আগে রোববার দুপুরে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তার কর্ম ও চেতনার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে দেশের বুদ্ধিজীবী মহলে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। আজ প্রিয় এই শিক্ষক ও গবেষককে শেষ বিদায় জানাতে উপস্থিত হওয়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা শ্রদ্ধার পাত্র ছিলেন।