জুলাই ৮, ২০২৬, ০৫:১৬ পিএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত নিরাপদ ও সহজতর করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রাথমিকভাবে এই বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে। এই উদ্যোগের মাধ্যমে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাবেন। এছাড়াও, ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকার যানজট হ্রাস এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এই সেবার অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, দেশের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়নে বেবিচক ধারাবাহিকভাবে যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। "সম্মানিত যাত্রী সর্বাগ্রে" — এই অঙ্গীকারকে ধারণ করে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন