জুলাই ৯, ২০২৬, ০৬:০৯ পিএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানোর শেষ তারিখ আগামী ০৪ আগস্ট। এরপর ০৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কোনো দাবি, আপত্তি বা সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। দাখিলকৃত আবেদনগুলো ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং ২৮ আগস্ট গৃহীত সিদ্ধান্তগুলো তালিকার সাথে সন্নিবেশ করা হবে। পরিশেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ৩১ জুলাই ২০০৮ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম, তাদের মধ্যে ৩১ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন বা হবেন, তারাই এবারের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। কমিশন সূত্রে জানা যায়, সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন