জুলাই ১০, ২০২৬, ০৩:২৫ পিএম
বন্যাদুর্গত মানুষের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইতোমধ্যে দুর্গত মানুষের কাছে আড়াই হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।মাহদী আমিন বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুই কোটি ১৫ লাখ টাকা বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ এই সময়ে সরকারের সব বিভাগ মানুষের দুর্ভোগ লাঘবে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি জানান।
শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নই সরকারের অগ্রাধিকার। তিনি মনে করেন, প্রকৃত মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংস্কার অপরিহার্য।
পুনর্মিলনী অনুষ্ঠানে সরকারি বাংলা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, ভাষা প্রসার ও চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কলেজটি দেশের নানা গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ছাত্ররাজনীতিতেও সরকারি বাংলা কলেজের ইতিহাস অত্যন্ত উজ্জ্বল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন