জুলাই ১১, ২০২৬, ১১:১৪ এএম
আজ ১১ জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে দিবসটি উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দিবসটি পালন করছে।এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে—তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।বিশ্বব্যাপী জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল ১১ জুলাইকে বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
দিবসটি উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতির। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও অনুষ্ঠানে অংশ নেবেন।
জনসংখ্যা দিবসকে ঘিরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকাগুলো দিবসটি উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন