জুলাই ১২, ২০২৬, ০৩:২৬ পিএম
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি—আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১২ জুলাই রোববার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণরাই একটি জাতির মূল চালিকাশক্তি। তাদের মেধা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমেই দেশের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ করে তোলা সম্ভব। জনসংখ্যাকে কেবল বোঝা হিসেবে না দেখে, তাদের সুশিক্ষিত ও কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএলএম মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। বক্তারা ভবিষ্যতেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন