বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এলডিসি দেশগুলোর জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১১:২৫ এএম

এলডিসি দেশগুলোর জন্য ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামোর আহ্বান

ছবি - সংগৃহীত

বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে অধিক পরিমাণে স্বল্পসুদে ও সহজশর্তে অর্থায়ন, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার ও জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে স্বল্পোন্নত দেশসমূহের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এই দাবি জানান।

উন্নয়নশীল দেশগুলোর অগ্রযাত্রায় বর্তমান আর্থিক ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেন তিনি।ড. তিতুমীর বলেন, ক্রমবর্ধমান ঋণঝুঁকি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সরকারি উন্নয়ন সহায়তা হ্রাস এবং ডিজিটাল বৈষম্যের বিস্তার স্বল্পোন্নত দেশগুলোর ২০৩০ অ্যাজেন্ডা ও দোহা কর্মসূচি বাস্তবায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

তিনি বলেন, ন্যায্য ঋণ সমাধান ব্যবস্থা গড়ে তোলা, উন্নয়নবান্ধব বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা এবং প্রযুক্তি হস্তান্তর ও ডিজিটাল রূপান্তরে সহযোগিতা জোরদার করা এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা পূরণে পাঁচ বছরেরও কম সময় বাকি থাকলেও স্বল্পোন্নত দেশসমূহ এখনো বহুমাত্রিক কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা আরও বলেন, স্বল্পোন্নত দেশসমূহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং দোহা কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তবে লক্ষ্য অর্জনে তাদের বাস্তব চাহিদা ও ঝুঁকিকে বিবেচনায় নিয়ে আরও ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা অপরিহার্য। সমন্বিত ও কার্যকর বৈশ্বিক উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময় বলে জানান তিনি।