শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৪:১৩ পিএম

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ছবি - সংগৃহীত

হজযাত্রী পরিবহনের জন্য জনপ্রতি ৯৮ হাজার টাকা বিমান ভাড়ার প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন সাপেক্ষে ২০২৭ সালের হজ মৌসুমে এই মূল্যে যাত্রী পরিবহন করতে চায় তারা। গত ২০২৬ সালের হজ মৌসুমে বিমান ভাড়া ছিল জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা হজ প্যাকেজের একটি বড় অংশ দখল করে থাকে।মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে এই প্রস্তাব সম্বলিত চিঠি পাঠিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠির প্রাপ্তি নিশ্চিত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে দরকষাকষির ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। এই প্রস্তাবটি মন্ত্রণালয়ের জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে, যা নিয়ে তারা আলোচনা করবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, চিঠিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্প ব্যয়ে পবিত্র হজ পালন করতে পারেন, তার জন্য হজ ফ্লাইটের সব শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনে তারা ইচ্ছুক।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এবং বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করছে। এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, বিমান ভাড়া কমানোর বিষয়টি নিয়ে তারা সব সময়ই গুরুত্বের সঙ্গে আলোচনা করে আসছেন। ইউএস-বাংলার এই প্রস্তাব সভায় বিস্তারিত আলোচনা করা হবে।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, ওই সভায় ইউএস-বাংলার প্রস্তাবটি আলোচনা করা হবে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নের অংশ হিসেবে বিমান ভাড়ায় প্রতিযোগিতা সৃষ্টি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে মন্ত্রণালয়।