জুলাই ১৬, ২০২৬, ১১:৪৯ এএম
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩৬টি মামলা দায়ের করেছে।গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জনকে আটক করা হয়েছে।
পুলিশের অভিযানে এ সময় ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা এবং ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ছাড়াও অভিযান থেকে ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে।
রাজধানীর প্রতিটি এলাকায় অপরাধ দমনে নিয়মিত এই অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন