বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৭:১৩ পিএম

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

ছবি - সংগৃহীত

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের তথ্য জানানো হয়েছে।পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ পরিবর্তন করে এই শহিদদের ছবি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্থান পাবে। তরুণদের আত্মত্যাগের সেই ঐতিহাসিক মুহূর্তটি এখন নাগরিকদের আন্তর্জাতিক এই ভ্রমণ নথিতে ঠাঁই পাচ্ছে। অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের পৃষ্ঠাগুলোতে দেশের ঐতিহ্য ও ইতিহাসের নানা অনুষঙ্গ যুক্ত করা হচ্ছে। এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন ও সুপ্রিম কোর্টের পাশাপাশি স্থান পেয়েছে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হলের মতো ঐতিহাসিক স্থাপনা।

প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির ছবিও জলছাপ হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ ও কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‍‍`সংগ্রাম‍‍` পাসপোর্টের পৃষ্ঠায় দেখা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্টের ডাটা পেইজে পূর্বের মতোই ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য এটি বৈধ থাকার বিষয়টি বহাল থাকছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে দ্রুত এই নতুন নকশা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।