জুলাই ১৯, ২০২৬, ০৯:৩৯ পিএম
দেশে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তাকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ফ্যাসিবাদকে আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।রোববার জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোনো পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলন কারো একার অর্জন নয়। এই আন্দোলনের চেতনা নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই। গুলিবর্ষণ হবে জেনেও যেসব সন্তান বুকের তাজা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে, তারা একটি মুক্ত গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ চেয়েছিল। তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, হাসিনার পেছনে রাষ্ট্রযন্ত্রসহ বিদেশি শক্তি থাকলেও ছাত্র ও নিরস্ত্র জনগণ খালি হাতে লড়াই করে বিজয় অর্জন করেছে। সেই বিজয় ধরে রাখতে হলে সংসদীয় ও গণতান্ত্রিক রাজনীতিকে শক্তিশালী করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকারের মতো জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লোভে এমন কোনো কাজ করা যাবে না যা দেশের গণতন্ত্র বা সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিতর্ক থাকতেই পারে, তবে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সভায় সভাপতিত্ব করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ইতিহাসের একটি অতীত অধ্যায়। দলের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ ফেরার পথ যেন আর প্রসারিত না হয়, সেই পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের স্বপ্ন পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন