জুলাই ২৫, ২০২৬, ১০:১৮ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
জাতীয় সংসদের সদস্যদের ভোটে এবং নির্বাচন কমিশনের পরিচালনায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির সিদ্ধান্তই চূড়ান্ত ভূমিকা রাখবে।নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্ভাব্য কয়েকজন শীর্ষ নেতার নাম জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। এই তালিকায় রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান।
এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।রাজনীতির বাইরে প্রশাসনিক ও শিক্ষাবিদদের মধ্য থেকেও কিছু নাম প্রস্তাব করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও এই দৌড়ে আলোচিত হচ্ছে।
তবে নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক পর্যালোচনার পরই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।আইন অনুযায়ী বিরোধী দলও এই নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে পারবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন