জুলাই ২৫, ২০২৬, ১১:৩৪ এএম
তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পুরো কার্যকালজুড়ে নানা রাজনৈতিক ও আইনি বিতর্ক সঙ্গী ছিল।বিভিন্ন সময়ে তার ভূমিকা নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছিল।আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হলেও সাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে।
অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তিতে বিএনপি তার পাশে দাঁড়ালেও পরবর্তী সময়ে দূরত্ব তৈরি হয়। নির্বাচন শেষে বিএনপি সরকার গঠনের সাড়ে পাঁচ মাসের মাথায় বঙ্গভবন থেকে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে বিভিন্ন রাজনৈতিক সূত্রে জানা গেছে।তার রাজনৈতিক পরিচয় এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে অতীতে দায়িত্ব পালন নিয়েও আইনি বিতর্ক উঠেছিল।
বিশেষ করে চব্বিশ সালের গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত তার একটি মন্তব্য দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। পরবর্তীতে তিনি জানান যে পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ তার কাছে নেই, যা ছাত্রসমাজ ও অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে টানাপোড়েন এবং তাকে অপমানিত করার অভিযোগ তুলে আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের পর পরিস্থিতি আরও জটিল হয়। শেষ পর্যন্ত নানামুখী রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপি সরকারের আমলেই তার রাষ্ট্রপতির অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন