রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ সদর দপ্তর?

জাতীয় ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ০৬:১১ পিএম

জরুরি সতর্কবার্তা দিলো বাংলাদেশ পুলিশ সদর দপ্তর?

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের নাম, ছবি ও ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি এবং বিভিন্ন তদবিরের নামে প্রতারণা চালানোর অভিযোগে দেশজুড়ে কঠোর সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে এই ধরনের প্রতারক চক্রের ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। 

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি শুরু করেছে।প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমকে অপব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও সামাজিক মাধ্যমের ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট বা আইডি তৈরি করছে। 

এরপর সেই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে ম্যাসেজ বা বার্তা পাঠিয়ে নানা অজুহাতে অর্থ দাবি করা হচ্ছে অথবা অবৈধ তদবিরের চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপকর্মের কারণে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল কর্মকর্তাদের সম্মানও ক্ষুণ্ণ হচ্ছে।

সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা নাম ব্যবহার করা হয়েছে মানেই সংশ্লিষ্ট মোবাইল নম্বর বা অ্যাকাউন্টটি নিশ্চিতভাবে ওই কর্মকর্তার — এমনটি ভেবে নেওয়ার কোনো অবকাশ নেই। 

তাই এ ধরনের কোনো সন্দেহজনক বার্তা পেলেই তাতে সাড়া না দেওয়ার জন্য সবাইকে কঠোরভাবে অনুরোধ করা হয়েছে। কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হন বা কোনো বার্তা পান, তবে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।এছাড়াও সিআইডির সাইবার পুলিশ সেন্টার এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ কার্যালয়ে যোগাযোগ করে সুনির্দিষ্ট অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।