রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিল পুলিশ সদর দপ্তর

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১২:১২ এএম

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা দিল পুলিশ সদর দপ্তর

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণের মতো গুরুতর মামলার তদন্ত দ্রুত শেষ করে তা নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।বুধবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম।

সভায় দেশের মেট্রোপলিটন পুলিশ, বিশেষ শাখা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রেলওয়ে পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অপরাধ বৃদ্ধির প্রবণতা রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও পেশাদার ভূমিকা পালনের নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, সাধারণ মানুষের আইনি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণসংক্রান্ত মামলাগুলোর তদন্ত অত্যন্ত নিবিড়ভাবে পরিচালনা করে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের মামলার অগ্রগতি, মুলতবি থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তদন্তের মানোন্নয়ন এবং মামলার সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়।