আগস্ট ২, ২০২৬, ০৪:২৬ পিএম
সরকারের সমালোচনা করা কোনো অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকতার ভূমিকা ও দায়িত্ব নিয়েও বিশদ আলোচনা করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন এক গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে যে সংবিধান অনুযায়ী আনুষ্ঠানিক অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সাংবাদিকতার দায়িত্ব কেবল তথ্য সংগ্রহ বা সত্য উদ্ঘাটনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেই সত্যকে জনকল্যাণে কাজে লাগানোও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে উল্লেখ করে তিনি বলেন, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা শাসকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে এবং সুশাসনের জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ এজ সম্পাদক নুরুল কবীর এবং সভায় সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন