রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ১১:১৯ পিএম

শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সৌজন্য সাক্ষাৎ

দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন, সংস্কার এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান স্বয়ং সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই বৈঠকে অংশ নেন। সরকারের গৃহীত শিক্ষা পরিকল্পনা ও আন্তর্জাতিক অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় দুই পক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেলও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশের শিক্ষার মানোন্নয়নে বর্তমান প্রশাসন কর্তৃক গৃহিত বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতা এবং ইতিবাচক ভূমিকার জন্য সংস্থাটির প্রতিনিধিকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। এ সময় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিও বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে চলমান নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। দেশের বর্তমান শিক্ষা কাঠামোর যেকোনো সংস্কারমূলক উদ্যোগে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে রাষ্ট্রদূত আইরিন খান তথ্যপ্রযুক্তি খাতের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরে শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও বহুগুণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।এ দেশের তরুণ শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতে অত্যন্ত সাফল্যের সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে বলে তিনি মন্তব্য করেন।