রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অকৃতকার্য শিক্ষার্থীদের নিরাশ না হওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৭:২০ পিএম

অকৃতকার্য শিক্ষার্থীদের নিরাশ না হওয়ার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে না পারা শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি শিক্ষার্থীদের নিরাশ না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের তাদের সন্তানদের বিচার না করে তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি।

ফলাফল জীবনের শেষ কথা নয় এবং এটি কারো প্রকৃত পরিচয় নির্ধারণ করে না বলে উল্লেখ করেন মন্ত্রী।অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী লেখেন যে আজকের দিনটি অনেকের জন্য কষ্টের হলেও এর মাধ্যমে কোনো কিছুর শেষ হয়ে যায়নি। নির্দিষ্ট ওই কয়েকটি ঘণ্টার খাতার হিসাব দিয়ে কারো মেধা বা পরিশ্রম মাপা যায় না বলে তিনি সান্ত্বনা দেন। 

পাশাপাশি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যে সন্তানের ভয়ের কারণ না হয়ে ঘরটিকে যেন তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় করে তোলা হয়।শিক্ষকদের প্রতিও বিশেষ নির্দেশনা দিয়ে মন্ত্রী জানান যে শিক্ষার্থীরা কেন পিছিয়ে পড়ল তা খতিয়ে দেখার মূল দায়িত্ব শিক্ষক সমাজেরই। ব্যর্থতার দায় কেবল শিশুদের ওপর না চাপিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।