আগস্ট ১২, ২০২৬, ১০:৩৭ পিএম
জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব ঘোঁচাতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এই নতুন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার তিনি ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার এক সাধারণ নাগরিকের বাসায় উপস্থিত হন।
সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে চা পান করার পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনেন এবং খোলামেলা মতবিনিময় করেন।জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই অভিনব কর্মসূচি স্থানীয় মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।প্রতিমন্ত্রী এ সময় মন্তব্য করেন যে কেবল দাপ্তরিক চেয়ারে বসে মানুষের সমস্যার কথা শোনা জনপ্রতিনিধির মূল দায়িত্ব হতে পারে না, বরং সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের বাস্তব পরিস্থিতি অনুধাবন করা জরুরি।
বিশেষ করে বসিলা ও মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে নাগরিকদের মনে স্বস্তি ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার। নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে মোহাম্মদপুর থানার পরিধি বিবেচনা করে বসিলা ও রায়েরবাজারে পৃথক দুটি নতুন থানা স্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী দুই হাজার সাতাশ সালের মধ্যেই এই দুটি নতুন থানার কার্যক্রম সম্পূর্ণ চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বহিরাগত অপরাধীদের দৌরাত্ম্য রুখতে বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া মোহাম্মদপুর এলাকায় অচিরেই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নামে অবৈধ পরীক্ষা গ্রহণের বিষয়ে তিনি স্পষ্ট করে জানান যে সরকারি কিংবা বেসরকারি কোনো প্রাথমিক বিদ্যালয়েই ভর্তির পরীক্ষা নেওয়ার কোনো আইনি বিধান নেই। নিয়মবহির্ভূত এই পরীক্ষা বন্ধ করার পাশাপাশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে আইনি নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে।নাগরিকদের সঙ্গে এই বৈঠকে এলাকার শিক্ষা, গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশগত নানা সমস্যা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন