বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হোটেলে অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ডিএমপি কমিশনারের

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৬:৫৯ পিএম

হোটেলে অবৈধ কর্মকাণ্ড বন্ধের নির্দেশ ডিএমপি কমিশনারের

ছবি : সংগৃহীত

রাজধানীর আবাসিক হোটেল ও স্পা সেন্টারগুলোতে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন।একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা স্পষ্ট করেছেন তিনি।ডিএমপি কমিশনার জানান, হোটেল বা স্পাতে যেন অপরাধমূলক কাজ চলতে না পারে সেদিকে থানা পুলিশকে নজরদারি বাড়াতে হবে। 

কোনো অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে হবে। ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করার তাগিদ দেন তিনি। এসব এলাকায় গোয়েন্দা পুলিশ ও সিটিটিসিকে সমন্বয় করে চব্বিশ ঘণ্টা মাঠে থাকতে বলা হয়েছে।প্রতিটি মামলার ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। আলামত সংগ্রহ ও ঘটনার পারিপার্শ্বিকতা যাচাই করে তদন্তের গতি বাড়ানোর কথা বলেন কমিশনার।

জুলাই মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় বিশেষ অবদানের জন্য সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মিরপুর বিভাগ। মূল্যায়নে সেরা হয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় স্থানে উত্তরা-পশ্চিম এবং তৃতীয় স্থানে রয়েছে বাড্ডা থানা।এছাড়া সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে ডেমরা জোনের মো. শামীম হোসেন প্রথম হয়েছেন। 

মোহাম্মদপুর জোনের মো. আবদুল্লাহ আল মামুন দ্বিতীয় স্থান পেয়েছেন। শ্রেষ্ঠ উপপরিদর্শক হিসেবে পল্লবী থানার মো. সাইফুল ইসলাম প্রথম পুরস্কার পেয়েছেন।গোয়েন্দা বিভাগের মধ্যে ওয়ারী জোনাল টিম শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ট্রাফিক বিভাগে প্রথম হয়েছে ট্রাফিক-ওয়ারী। মিরপুর-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হয়েছেন।যাত্রাবাড়ী-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. শাহরিয়ার খান ট্রাফিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।