শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

জাতীয় ডেস্ক

আগস্ট ১৩, ২০২৬, ০৯:২২ পিএম

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক সম্পন্ন হয়।বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তা নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়। 

সংসদ সদস্যরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছেন উল্লেখ করে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্টদের সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক দমনে মোবাইল কোর্ট পরিচালনা ও ট্রাইব্যুনাল গঠনের মতো পদক্ষেপগুলোর কথা বৈঠকে তুলে ধরা হয়।নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ করা হয়নি বলে বৈঠকে জানানো হয়। গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।

বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ অন্যান্য সংসদ সদস্য।আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং অপরাধ দমনে কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি ও সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।