রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,

হাঁটতে পারছেন না সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

জাতীয় ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ১১:৪৫ পিএম

হাঁটতে পারছেন না সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

শারীরিক তীব্র যন্ত্রণার কারণে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ থমকে গেছে সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের। পায়ের পুরোনো রোগটি হঠাৎ নতুন করে তীব্র আকার ধারণ করায় বিগত দুদিন ধরে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না বলে জানা গেছে। ব্যথার সাথে এক নিরন্তর লড়াই চলার পাশাপাশি চিকিৎসকের কঠোর নির্দেশনায় তাকে এখন চিকিৎসাকেন্দ্রিক রুটিন মেনে চলতে হচ্ছে।

শারীরিক এই কষ্টের মাঝে কাটানো প্রতিটি মুহূর্ত এখন কেবল আরোগ্য লাভের প্রতীক্ষায় রয়েছে। সাবেক রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে টানা তিন সপ্তাহ বিশেষ চিকিৎসা ও ইনজেকশন নিতে হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে স্বাস্থ্যগত কারণ ও অসুস্থতাকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে দেখিয়ে বঙ্গভবন ছেড়েছিলেন মোঃ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পদ থেকে অব্যহতি নেওয়ার পর থেকেই তিনি রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে নিজ বাসভবনে অবস্থান করছেন। বর্তমানে বাসায় থেকেই তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

গত ২৪ জুলাই বিকেলে তৎকালীন রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার। পদত্যাগের পরপরই বঙ্গভবন ছেড়ে নিজের গুলশানের বাসায় ওঠেন সাবেক রাষ্ট্রপতি। শারীরিক এই অসুস্থতা থেকে দ্রুত সেরে উঠতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও নিকটজনেরা।