আগস্ট ১৬, ২০২৬, ১১:৫৫ পিএম
ঋণখেলাপি হওয়ার পরও এস আলম গ্রুপের প্রতিষ্ঠান এস এস পাওয়ার-১ লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হওয়ায় শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এই অনুমতি দেওয়া হয়। এর ফলে বন্ধ থাকা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির জন্য ঋণপত্র খোলা সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রোববার এসংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় জানানো হয়, আগামী ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের নির্দিষ্ট ধারা এস এস পাওয়ার-১ লিমিটেডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ফলে প্রতিষ্ঠানটি রূপালী ব্যাংকের মাধ্যমে শতভাগ মার্জিন জমা দিয়ে কেবল কাঁচামাল আমদানির উদ্দেশ্যে এলসি খুলতে পারবে। তবে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই সুবিধার আওতায় প্রদানকৃত কোনো ঋণের দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক নেবে না।
ভবিষ্যতে এ ধরনের ঋণের বিপরীতে কোনো আর্থিক সহায়তা বা দায়ভার রাষ্ট্রীয় কোষাগার কিংবা কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবি করতে পারবে না সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক। সাধারণত কোনো শিল্প গ্রুপ ঋণখেলাপি হলে গ্রুপের অন্য কোনো অঙ্গপ্রতিষ্ঠান ব্যাংক থেকে নতুন কোনো ঋণ বা সুবিধা পাওয়ার যোগ্য হয় না। তবে বর্তমান বিদ্যুৎ সংকটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সাবেক সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক প্রভাবে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেওয়ার এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত প্রতিবেদনেও এসব অনিয়মের তথ্য উঠে এসেছিল। এস আলমের পাশাপাশি এর আগে বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস এবং আবদুল মোনেম গ্রুপের সুগার রিফাইনারিকেও অনুরূপ বিশেষ সুবিধা প্রদান করা হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন