আগস্ট ২২, ২০২৬, ১১:৩১ এএম
আজ শনিবার থেকে দেশব্যাপী ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। কলেরা রোগ প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় মোট ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।সম্পূর্ণ সুরক্ষার জন্য প্রতিটি নাগরিককে ১৪ দিনের ব্যবধানে টিকার দু’টি ডোজ গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি অনুযায়ী, এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে (গর্ভবতী নারী ছাড়া) বিনামূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ চলবে এবং ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্দিষ্ট ওয়ার্ড এবং ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও এই কর্মসূচি পরিচালিত হবে। কলেরা জীবাণুর সংক্রমণ প্রতিরোধে এই টিকা কয়েক বছর পর্যন্ত কার্যকর সুরক্ষা প্রদান করে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিকার পাশাপাশি নিরাপদ পানি পান ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন