বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

জাতীয় ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৮:০১ পিএম

৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর কঠোর সমালোচনা করে জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্তব্য করেছেন যে দেশের প্রতিটি জেলায় একজন করে স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বর্তমান পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র ফুটে ওঠে, তার সাথে দাপ্তরিক দাবির মিল নেই।বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই জোরালো বক্তব্য রাখেন।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, সংসদে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় বিভিন্ন কথার মারপ্যাঁচে আসল বিষয়টি ঢাকা পড়ে যায়। বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি খাতের নিশ্চয়তা থাকার কথা থাকলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। জ্বালানি মন্ত্রীকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে এবং কলকারখানা সচল রাখা কঠিন হয়ে পড়েছে।

এছাড়া কর্মসংস্থান ও মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনের সময় এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান প্রশাসনের প্রথম ছয় মাসের মধ্যেই হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে এবং বহু কারখানা বন্ধ হয়ে গেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দাম ও সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরে তিনি অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।