আগস্ট ৩০, ২০২৬, ০৩:১২ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এই রদবদল করা হয়। প্রশাসনিক কাজের সুবিধার্থে এই কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
বদলি হওয়া তিন উপ-পুলিশ কর্মকর্তার মধ্যে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়াও বদলি হওয়া পাঁচ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের মধ্যে গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে, কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে এবং ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশে গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার অংশ হিসেবে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন