বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেলের খসড়া

জাতীয় ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১১:৩০ এএম

মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেলের খসড়া

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। আজ সোমবার বিকেলে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই খসড়া অনুমোদনের ওপর লাখ লাখ সরকারি চাকরিজীবীর বেতন কাঠামোর ভবিষ্যৎ নির্ভর করছে। বৈঠকের সিদ্ধান্তে পে-স্কেল কার্যকরের চূড়ান্ত রূপ জানা যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি এর আগে দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। সচিব কমিটির প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দিন থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের প্রথম দিন থেকে ভাতা কার্যকর করার পরিকল্পনা ছিল। তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, গত জুলাই মাস থেকেই নতুন মূল বেতন কার্যকর করার প্রস্তাব করা হলেও তা ভেঙে ভেঙে পরিশোধের কথা বলা হয়েছে। তবে নতুন পে-স্কেল ঠিক কখন ও কী প্রক্রিয়ায় কার্যকর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে মন্ত্রিসভার বৈঠক থেকে। এই বৈঠকের পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।