বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস, কান্নায় ভাঙলেন সংসদ সদস্য

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৬:৫৫ পিএম

সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস, কান্নায় ভাঙলেন সংসদ সদস্য

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। 

শারীরিক অসুস্থতা পুরোপুরি কাট না গেলেও সংসদের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি আসন থেকে বসেই এই বক্তব্য রাখেন। দীর্ঘ দুই দশক পর সংসদের এই পবিত্র কক্ষে কথা বলতে পেরে গর্ববোধ করেন তিনি। বক্তব্যের শুরুতেই মির্জা আব্বাস জানান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মার্চ মাসে তিনি গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে তাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হয়। 

চিকিৎসা এখনও সম্পূর্ণ শেষ না হলেও সহকর্মীদের ভালোবাসা এবং সংসদের টানে তিনি মাঝপথেই অধিবেশনে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন। অসুস্থতার সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকার নিজে যেভাবে তার খোঁজখবর নিয়েছেন, তার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সংসদ সদস্য।

স্পিকারের মানবিক আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, অচেতন থাকা অবস্থায় স্পিকার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন, যা তাকে ও তার পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার কথা বলতে গিয়ে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও গভীর শ্রদ্ধা জানান। রাজনীতি কেবল বিতর্কের জায়গা নয়, বরং মানুষের কল্যাণের মাধ্যম বলে মন্তব্য করেন তিনি। মানুষের অধিকার আদায় ও দেশের কল্যাণে জীবনের বাকি সময়টুকু নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।