সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৯:২৯ পিএম
জাতীয় সংসদ ভবন থেকে দাপ্তরিক কার্যক্রম শেষ করে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে গিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
দীর্ঘদিন বিদেশবাস ও চিকিৎসা শেষে দেশে ফিরে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। সমাধিস্থলে পৌঁছানোর পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান। এর আগে বিদেশে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস।
দীর্ঘ অসুস্থতা কাটিয়ে গত বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশেন যোগ দেন এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হিসেবে সংসদে বক্তব্য রাখেন। সংসদ অধিবেশনের কার্যক্রমে অংশ নেওয়ার পরপরই তিনি দলীয় প্রতিষ্ঠাতাদের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। শ্রদ্ধা নিবেদনকালে দলীয় নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন