সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৮:৩৭ পিএম
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই তদারকি অভিযান পরিচালনা করেন।
এসব প্রতিষ্ঠানে পচা খাবার, তেলাপোকা ও ক্ষতিকর রং পাওয়া যায়।
সবচেয়ে বেশি জরিমানা গুনেছে গ্র্যান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। প্রতিষ্ঠানটিতে রান্নার কাজে অননুমোদিত ক্ষতিকর রং মেশানো কাশ্মীরি মরিচ ব্যবহার করা হচ্ছিল। একই সঙ্গে ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে পচা মুরগির চাপ ও খিচুড়ি অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করায় তাদের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আলিফ রেস্টুরেন্টের খাবারে তেলাপোকার বিচরণ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। অন্যদিকে, ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার রাখায় ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় দেওয়ানহাট এলাকার বিভিন্ন ফলের দোকানদারকেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে সতর্ক করেছেন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন