সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৬:২৬ পিএম
জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় অবতীর্ণ হবে না। প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষই এ দেশের প্রকৃত মালিক। তাই সরকারি কর্মচারীদের মনস্তত্ত্বে সবসময় সেবকের মানসিকতা ধারণ করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কেবল জনগণের সেবা করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য মাঠ প্রশাসনের প্রতিটি স্তরে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরক শক্তি হিসেবে কাজ করাটা অত্যন্ত জরুরি।
দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলাই এখন অন্যতম প্রধান লক্ষ্য।
এ জন্য সব কর্মকর্তাকে আন্তরিকতা ও সেবার মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন