শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৩:০৩ পিএম

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার

ছবি: সংগৃহীত

সন্ত্রাস নির্মূলে সরকার কোনো বিচারবহির্ভূত বা ক্রসফায়ারের পথে হাঁটবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  আইন প্রয়োগেই সর্বোচ্চ জোর।আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনে কোনো ক্রসফায়ারের মতো বিতর্কিত পথ বেছে নেওয়া হবে না। 

অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনে বিদ্যমান প্রচলিত আইনগুলোকে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে।  সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদকের চালান চাপিয়ে দেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা কারবারিরা নানা পরিকল্পনা তৈরি করছে এবং সাম্প্রতিক সময়ে ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হচ্ছে।মাদক সংকট কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি এখন গোটা দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এ কারণে মাদক বিস্তার ঠেকাতে এখন সারাদেশে ডোপ টেস্টের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব ও কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপার। এছাড়া খুলনা সিটি করপোরেশন ও জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা খুলনার সার্বিক আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সন্ত্রাস দমনের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন।