সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৪৯ এএম
গণতন্ত্র সচলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বর্তমান শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল ভিত্তির ওপর দাঁড় করিয়ে স্থায়ী রূপ দেওয়ার তাগিদ দেন তিনি। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসন ছাড়া কখনোই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এই রাজনৈতিক মূল্যায়ন তুলে ধরেন রিজভী।
দিবসটি বিশ্বজুড়ে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, নাগরিক অধিকার ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি গড়তে প্রেরণা জোগায় বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে গণতন্ত্র অর্জনের সংগ্রামে বাংলাদেশসহ বিভিন্ন দেশে প্রাণ বিসর্জনকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণতন্ত্র কার্যকর থাকলে কোনো স্বৈরশক্তি মানুষকে ক্রীতদাসে পরিণত করতে পারে না।
বিগত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দেশে একদলীয় আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম ছিল। ওই সময় কালাকানুনের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং ভিন্নমত দমনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নেওয়া হয়। আন্দোলনের ধারাবাহিকতায় প্রয়াত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘ দুর্দিন অতিক্রম করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। এই ধারায় নারী, পুরুষ কিংবা অন্য কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য না রেখে সবার সমান আইনি ও সামাজিক অধিকার নিশ্চিতের কথা স্মরণ করিয়ে দেন তিনি। অতীতের দুঃশাসন কাটিয়ে ওঠার পর এখন একটি কার্যকর ও সর্বজনীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন