সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৭:৪৯ পিএম
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে আজ শুক্রবার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সরকারের দুজন প্রতিনিধি। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিমানবন্দরেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় আসে আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ।
একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি ভুটানের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দুই মন্ত্রী। এই অঞ্চলের সাধারণ মানুষের যৌথ কল্যাণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক পুনরুজ্জীবিত করার ওপর জোর দেয় ঢাকা। এ বিষয়ে থিম্পুর সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হয়।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও এ সময় মতবিনিময় হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন