সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৮ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জনস্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
আলোচনায় জাতীয় পর্যায়ে শিশুস্বাস্থ্য সুরক্ষা, টিকাদান কর্মসূচির পরিধি বৃদ্ধি, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ভ্যাকসিন নিশ্চিতকরণ এবং কার্যকর প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কাঠামোর নানা দিক গুরুত্ব পায়। তৃণমূলের মানুষের কাছে চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে থানা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা অবকাঠামো সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ছিল আলোচনার অন্যতম প্রধান ক্ষেত্র।
বৈঠকে দেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের উন্নত পেশাগত প্রশিক্ষণের পরিকল্পনা নিয়ে বিস্তৃত মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এই প্রশিক্ষিত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিকগুলো তুলে ধরা হয়। এছাড়া স্বাস্থ্য খাতে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম গড়ে তোলার যৌথ উদ্যোগের বিষয়েও কথা বলেন উভয় পক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন